ছাত্রলীগের বিরুদ্ধে শিডিউল কেনায় বাধা দেওয়ার অভিযোগ
বান্দরবানের লামায় উপজেলা চেয়ারম্যানের লোকজন ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩৭ লাখ টাকার কাজের দরপত্র দখলের চেষ্টা করেছেন। তাঁরা লামা উপজেলা এলজিইডি দপ্তর থেকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ছাড়া ওই কাজের কোনো শিডিউল কিনতে দেননি। নির্বাহী প্রকৌশলীর দপ্তর প্রথমে শিডিউল বিক্রি করতে অস্বীকার করলেও চাপের মুখে ছাত্রলীগের বাইরে কয়েকজনের কাছে শিডিউল বিক্রি করতে বাধ্য হয় বলে জানা গেছে। জানা গেছে, এলজিইডি লামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য প্রায় এক কোটি টাকায় তিনটি কাজের দরপত্র আহ্বান করে। গতকাল ছিল দরপত্রের শিডিউল বিক্রির শেষ দিন। লামার ঠিকাদার ফরিদুল ইসলাম, মিনহাজ উদ্দিনসহ অনেকে অভিযোগ করেছেন, দরপত্রের ১ নম্বর গ্রুপের ৩৭ লাখ টাকার নিরাপদ শৌচাগার, নলকূপ, বিদ্যুতায়ন ও আসবাবপত্র সরবরাহসহ বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ কাজের শিডিউল বিক্রি করতে এলজিইডি কার্যালয় থেকে অপারগতা প্রকাশ করা হয়। ঠিকাদারদের জানানো হয়, ছাত্রলীগের নেতা-কর্মীরা ও লামা উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল ওই গ্রুপের শিডিউল বিক্রি করতে নিষেধ করেছেন। এ অবস্থায় কোনো ঠিকাদার ওই কাজের শিডিউল কিনতে পারেননি। রাসেল অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম এলজিইডি কার্যালয়ে এসে প্রকাশ্যে বলেছেন, ‘১ নম্বর গ্রুপের শিডিউল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও তাঁকে কিনতে দেওয়া হবে না।’ লামা এলজিইডির হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আমিন জানিয়েছেন, লামায় তিনটি কাজে ৯০টি দরপত্রের শিডিউল বিক্রি হলেও ১ নম্বর গ্রুপের মাত্র নয়টি শিডিউল বিক্রি হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল ছাত্রলীগের সমর্থক বলে পরিচিত কয়েক ব্যক্তি ১ নম্বর গ্রুপের শিডিউল কেউ কিনতে চাইলে তাঁকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। মোহাম্মদ আমিন স্বীকার করেন, ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও তাঁর লোকজনই ১ নম্বর গ্রুপের নয়টি শিডিউল কিনেছেন। লামা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল দরপত্র দখলের চেষ্টার কথা অস্বীকার করে বলেছেন, এলজিইডির লোকজন ও ঠিকাদারেরা ছাত্রলীগ ও তাঁর বিরুদ্ধে মিথ্যে অপবাদ রটাচ্ছেন। তাঁরা কাউকে শিডিউল কিনতে বাধা দেননি বলে তিনি দাবি করেন। এলজিইডির লামা প্রকৌশলী শফিকুর রহমান বলেন, দরপত্রের শিডিউল বিক্রি করেন কর্মচারীরা। বিক্রি করতে না দেওয়ার ব্যাপারে তাঁকে কেউ কিছু জানায়নি।