বান্দরবান জেলা পরিষদের প্রকৌশল শাখায় গতকাল সোমবার দুটি নির্মাণকাজের দরপত্রের শিডিউল কেনার সময় সাধারণ ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার জানান, জেলা পরিষদ প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নকাজে ১২টি প্রকল্পে দরপত্র আহ্বান করে। গতকাল দরপত্রের শিডিউল কেনার শেষ দিন ছিল। ঠিকাদারেরা অভিযোগ করেন, ১২টি প্রকল্পের নির্মাণকাজের মধ্যে প্রায় ১৭ লাখ টাকার ১০ ও ১১ নম্বর কাজের কোনো শিডিউল তাঁরা কিনতে পারেননি। পরিষদের প্রকৌশল শাখায় ওই দুটি শিডিউল কিনতে গেলে ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন।ঠিকাদারেরা জানান, দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০ নম্বর কাজটি হচ্ছে বান্দরবান সদর ইসলামপুর ফাতিমাতুয জোহরা (রা.) বালিকা মাদ্রাসা ও এতিমখানা ভবন নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ। এটি ১০ লাখ টাকার কাজ। ১১ নম্বর কাজটি হচ্ছে বান্দরবান পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ঘর নির্মাণের কাজ। এটি সাড়ে সাত লাখ টাকার কাজ। ঠিকাদারেরা অভিযোগ করেন, ১০ নম্বর কাজটি ছাত্রলীগের নেতা-কর্মী এবং ১১ নম্বর কাজটি শ্রমিক লীগের নেতা-কর্মীরা বাগিয়ে নেন।নাম প্রকাশ না করার শর্তে শিডিউল বিক্রিতে নিয়োজিত প্রকৌশল শাখার কর্মচারীরা জানান, ওই কাজ দুটির শিডিউল বিক্রি না করার ব্যাপারে তাঁদের করার কিছু নেই। বিষয়টি নিয়ে পরিষদের সদস্য কাজী মুজিবুর রহমান ও ক্যসাপ্রু মারমার সঙ্গে যোগাযোগ করার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন। পরিষদের একাধিক ব্যক্তি জানান, কয়েক মাস আগে ৫০ লাখ টাকা ব্যয়ে মহিলা মাদ্রাসা ভবন নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়। সেখানে অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজ জন্য নতুন করে দরপত্র আহ্বান বিধিবহির্ভূত।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত বড়ুয়া বলেন, মহিলা মাদ্রাসার অসমাপ্ত কাজটি তাঁরা দরপত্র আহ্বানের অনেক আগে শেষ করেন। এ জন্য এ কাজের শিডিউল না কেনার জন্য তাঁরা অন্য ঠিকাদারদের অনুরোধ করেন। কিন্তু কাউকে বাধা দেওয়া হয়নি।শিডিউল বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগের নেতা আবুল কালাম বলেন, নিজেদের সংগঠনের কাজ নিজেরা করতে ঠিকাদারদের শিডিউল না কিনতে তাঁরা অনুরোধ করেন। এ ব্যাপারে কাউকে কোনো হুমকি দেওয়া হয়নি।জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা বলেন, কোনো কাজের দরপত্রের শিডিউল বিক্রি না করতে জেলা পরিষদ থেকে নির্দেশ দেওয়া হয়নি।পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা সাংবাদিকদের বলেন, মাদ্রাসার কাজটি এর আগে যাঁরা করেন, বাকি কাজটুকু তাঁরা করলে কাজটি দ্রুত শেষ হবে। এ জন্য ওই ঠিকাদারকে এ ব্যাপারে অন্য ঠিকাদারদের অনুরোধ জানাতে বলা হয়েছিল। কিন্তু ১১ নম্বর কাজের শিডিউল বিক্রির ব্যাপারে কাউকে কিছু বলা হয়নি।