জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দলীয় স্লোগান লেখা ব্যানার পুড়িয়ে দিয়েছেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। গত রোববার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার বিলুপ্ত কমিটির পক্ষ থেকে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজের নেতৃত্বে ৮-১০ জন কর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন ডেইরি গেটে আসেন। এ সময় তাঁরা মূল ফটকে টাঙানো ছাত্রলীগের সাংগঠনিক স্লোগানসংবলিত একটি ব্যানার খুলে তাতে আগুন লাগিয়ে দেন। পরে তাঁরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে চলে যান।ব্যানার পোড়ানোর কথা স্বীকার করে গালিব ইমতিয়াজ বলেন, বিভিন্ন সময়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের চাঁদাবাজি ও মারধরের শিকার হয়েছেন। জুলাই মাসে খালেদা জিয়ার ম্যুরাল ভাঙচুর করা হয়। অভিযোগ করা হলেও প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।