ছাত্রলীগের ব্যানারে অরাজক পরিস্থিতি সৃষ্টির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করার পর ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক-কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল শিক্ষক-কর্মকর্তারা এ নিন্দা জানান। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম, কর্মকর্তা পরিষদ এবং ছাত্রলীগের সাবেক নেতাদের পক্ষ থেকে তিনটি পৃথক লিখিত বক্তব্য তুলে ধরা হয়।
৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় ও হল শাখার সভাপতি জাহিদ হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিনসহ প্রক্টর, ডিন, শিক্ষক ও কর্মকর্তাদের নাম ধরে ছাত্ররা যে ভাষায় গালাগাল, স্লোগান ও ব্যানার লিখে মিছিল-সমাবেশ ও মানববন্ধন করে চলেছেন তার তীব্র নিন্দা জানানো হয়। উপাচার্য মো. রুহুল আমিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ক্যাম্পাসে যাঁরা অরাজকতায় নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা কেউ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র নন। অনেক আগে তাঁরা পাস করে গেছেন। কেবল টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ-বাণিজ্য এবং অবৈধভাবে ছাত্রভর্তি করাসহ বিভিন্ন অনৈতিক আর্থিক সুবিধার জন্য তাঁরা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ যাঁরা করছেন, তাঁদের জামায়াত-শিবির বলা হচ্ছে। ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উপাচার্য জানান।
সংবাদ সম্মেলনে প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক বলরাম রায়, পরিচালক (ছাত্র ও পরামর্শ) মো. শাহাদাৎ হোসেন খান, প্রক্টর এ টি এম সফিকুল ইসলাম, শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, মো. সাইফুর রহমান, শ্রীপতি সিকদার প্রমুখ বক্তৃতা করেন।