ছাত্রলীগের ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ ঘটনার ছবি তুলতে গেলে তাঁরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে সাংবাদিকেরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।কলেজ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাজশাহী কলেজের ১৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলেজের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শুরুর সময় একে একে বিভিন্ন বিভাগের নাম ঘোষণা করা হয়। কলেজের ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের নাম সবশেষে ডাকা হয়। এতে ওই বিভাগের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। তাঁদের অভিযোগ, কর্মচারীদেরও পরে তাঁদের নাম ডাকা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা শোভাযাত্রায় না গিয়ে কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। জানা গেছে, এই বিভাগের ছাত্রলীগের কর্মী বেশি থাকায় ছাত্রলীগের কলেজ শাখার নেতা-কর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। তাঁরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেঞ্চ ও অন্যান্য জিনিসপত্রে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে প্রশাসনিক ভবনের পাশে রাখা টেলিভিশন সাংবাদিকদের মোটরসাইকেলেও আগুন ধরে যায়।এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকেরা রাজশাহী কলেজের সামনের সড়ক অবরোধ করেন। পৌনে একটার দিকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এসে বিচারের আশ্বাস দিলে সাংবাদিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবদুল ওয়াহেদ খান জানান, আগুন লাগানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত। সমঝোতা করার জন্য তিনি সাংবাদিকদের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।বিকেলে মেয়রের কার্যালয়ে পুলিশ কমিশনার, অধ্যক্ষ ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে মেয়র খায়রুজ্জামান বলেন, যে দুজন ছেলে এ ঘটনায় নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে সজীব ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্য একজন বহিরাগত। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ মামলা করবে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।