ছাত্রলীগের ভাঙচুরের পর হবিগঞ্জে কলেজে ভর্তি বন্ধ
হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অফিস কক্ষে ছাত্রলীগের ভাঙচুরের পর গতকাল বুধবার থেকে একাদশ শ্রেণীতে ভর্তি-প্রক্রিয়া বন্ধ রয়েছে। ছাত্রদল ও কলেজ প্রশাসন আঁতাত করে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি করছে—এ অভিযোগের ভিত্তিতে তারা এ ভাঙচুর চালায়। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্র জানায়, আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের উৎসাহিতকরণ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেমিনার চলাকালে মিলনায়তনের চারদিকে হট্টগোল শুরু হয়। শিক্ষার্থীরা শুরু করে ছোটাছুটি। পরে জানা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের অফিস কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। এ সময় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কর্তৃপক্ষ একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ অভিযোগ করেন, ভর্তির ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের জন্য পয়েন্ট নির্ধারণ করে ৪ দশমিক ৮১। কিন্তু কলেজ প্রশাসন ও ছাত্রদল মিলে চারজন শিক্ষার্থী ভর্তি করেছে, যাদের পয়েন্ট ৪ দশমিক ২৭। আর অফিস কক্ষে ভাঙচুর করেছে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা নই, ছাত্রলীগ প্রভাব খাটিয়ে শিক্ষার্থী ভর্তি করছে। কলেজ কর্তৃপক্ষ তাদের সব দাবি পূরণ না করায় তারা অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছে।’ ভর্তি-প্রক্রিয়া বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, উপাধ্যক্ষের সই জাল করে দুজন শিক্ষার্থী ভর্তি করার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়টি ছাত্রলীগের নেতা-কর্মীদের জানানো হয়নি, যে কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।