সরকার এবং ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সংগঠনটির নগর সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনিকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার এবং সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে নগর ছাত্রলীগ। আজ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে এই অভিযোগ করার পাশাপাশি তাঁর মুক্তি দাবি করা হয়।
প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনকে ‘জামায়াতে ইসলামীর এজেন্ট’ অভিহিত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি তোলে ছাত্রলীগ নেতারা। তারা নুরুল আজিমের মুক্তির জন্য আইনি প্রক্রিয়ার পাশাপাশি আন্দোলনও চালিয়ে নেওয়া হবে বলে জানায়।
নুরুল আজিমের মুক্তি দাবিতে নগর ছাত্রলীগ আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ইমরান আহমেদ। বলা হয়, নুরুল আজিমকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পরবর্তীতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কারসাজিতে ভুয়া জব্দ তালিকা দেখিয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
এতে আরও বলা হয়, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ওই কেন্দ্রের বাইরে ছিলেন নুরুল আজিম। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভোটকেন্দ্রে কোনো ধরনের গোলযোগ, প্রভাব বিস্তার, ব্যালট বাক্স ছিনতাই এ রকম কোনো অভিযোগ করেননি। এতে প্রমাণ হয় নুরুল আজিমকে ছলে বলে ফাঁসানোর ছক আগে থেকেই তৈরি করা হয়েছিল।
ইমরান আহমেদ বলেন, আজিমকে সাজা দেওয়া হয়েছে একজন উপপরিদর্শকের মৌখিক অভিযোগের ভিত্তিতে, যা রায়ে উল্লেখ করা হয়। অথচ আজিমকে গ্রেপ্তার করে বিজিবি। কিন্তু মামলায় বিজিবির দায়িত্বরত কোনো কর্মকর্তা কিংবা বিচারিক হাকিমকে সাক্ষী করা হয়নি। এতেই বোঝা যায় এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
এক প্রশ্নের জবাবে ইমরান আহমেদ বলেন, ছাত্রলীগ এক এবং অবিচ্ছেদ্য। এখানে কোনো বিভেদ নেই। দলের ভেতরের কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন একই বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত সন্ত্রাসী হামিদ গ্রুপের সদস্য ছিলেন। ইসমাইলের আমলে ফটিকছড়ির ভুজপুরে ছাত্রলীগ যুবলীগের ওপর হেফাজত নারকীয় হত্যাযজ্ঞ চালায়।
অভিযোগ প্রসঙ্গে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ‘ম্যাজিস্ট্রেট তাঁকে ধরে এনেছে অস্ত্রসহ। এখন আমি কীভাবে তাঁকে ছেড়ে দেব? আর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৬০০ শিবির নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছি। আমি কীভাবে শিবির হলাম?’
সংবাদ সম্মেলনে রাঙামাটি ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার, বান্দরবান ছাত্রলীগের সভাপতি মো. কাউসার, নগর ছাত্রলীগের সহসভাপতি জয়নাল উদ্দিন, তালেব আলী ও আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সুজন বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।
৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারীতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে একটি নাইন এম এম পিস্তল পাওয়া যায়। পরে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন বিচারিক হাকিম হারুন অর রশিদ। এ ছাড়া হাটহাজারী থানায় নুরুল আজিমের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নুরুল আজিম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।