ছাত্রলীগের ভালো কাজ খবরে আসে না: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের কোনো ভালো কাজই খবরে আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ‘ছাত্রলীগ কোথাও কিছু করলেই সেটা পত্রিকাগুলো বড় করে দেয়। পত্রিকাগুলোর সেনশনাল নিউজ না হলে চলে না। ছাত্রলীগ যে ভালো কাজ করে সেটা খবরে আসে না।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘ইয়ং বাংলা’ নামের একটি উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে জয় এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্রলীগ রানা প্লাজার দুর্ঘটনায় আহতদের জন্য রক্ত দিয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অগ্রণী ভূমিকা রেখেছে। কিন্তু তা কখনো গণমাধ্যমে আসে না।
বদনাম হয় এমন কিছু না করতে ছাত্রলীগকে জয়ের পরামর্শ
এর আগে সজীব ওয়াজেদ ইয়ং বাংলার সদস্য হয়ে এর উদ্বোধন ঘোষণা করেন। আয়োজকেরা জানান, ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে দেশের বৃহত্তম যুব সংহতির লক্ষ্যে ইয়ং বাংলা কাজ করবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি যুব সম্মেলন করা হবে।
ছাত্র রাজনীতি কি কলুষিত হয়ে গেছে?—একজন দর্শকের এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ছাত্র রাজনীতি আজকালতো হট টপিক। একটি দল যখন ক্ষমতায় থাকে তখন অনেকে সুবিধা নেওয়ার জন্য ওই দলে ঢুকে পড়ে। এখন যারাই আকাম করছে তারাই ছাত্রলীগের নাম ব্যবহার করছে। তবে আমরা কখনো দুর্নীতি, সন্ত্রাস সহ্য করি না। গত পাঁচ বছরে সাড়ে ছয় শ ছাত্রলীগ নেতা-কর্মীকে জেলে দেওয়া হয়েছে।’

উদ্বোধনী বক্তব্যে সজীব ওয়াজেদ বলেছেন, ‘আওয়ামী লীগের স্বপ্ন শুধু বর্তমানকে নিয়ে নয়, ভবিষ্যৎকেও নিশ্চিত করতে চায়। আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে সফল হয়েছি।’ তিনি বলেন, যুবকদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় তহবিল করে দিয়েছে। কেউ যদি সফটওয়্যার, আইটি ফার্ম করতে চান তাহলে সেখান থেকে ঋণ নিতে পারবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইয়াং বাংলার আহ্বায়ক সাংসদ নাহিম রাজ্জাক, সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির শামস প্রমুখ। এ ছাড়া দুই প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জুনাইদ আহমেদ, কয়েকজন তরুণ সাংসদ ও ৬৪টি জেলা থেকে আসা বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।