রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা গত ছয় দিন টানা ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন না। মানোন্নয়ন পরীক্ষাসহ বিভিন্ন দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আন্দোলন চলছে। তবে পেছনে আন্দোলনের কলকাঠি নাড়ছে ছাত্রলীগ।এই অবস্থায় গত ছয় দিনে বিশ্ববিদ্যালয়ের গণিত, ব্যবস্থাপনা, অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের ছয়টি কোর্সের নির্ধারিত চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের সব ধরনের পাঠদান (ক্লাস) বন্ধ রয়েছে। আজ সোমবার সপ্তম দিনেও ক্লাস-পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা পুরোনো পদ্ধতিতে মানোন্নয়ন পরীক্ষা গ্রহণসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ তিনটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ওই দিন সাড়ে তিন ঘণ্টা পর তালা খুলে দেওয়া হলেও বুধবার ছাত্রলীগের নেতৃত্বে আবার তালা দেওয়া হয়। ওই ঘটনার পর সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে প্রক্টরিয়াল কমিটি ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি।সর্বশেষ গতকাল রোববার বেলা ১১টায় বৈঠক হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আল-আমিনসহ ষষ্ঠ ব্যাচের ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, মানোন্নয়ন পরীক্ষার পুরোনো পদ্ধতি বহাল রাখার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়। এ ছাড়া ক্যাফেটেরিয়া চালু, বঙ্গবন্ধু হলের উদ্বোধন, ইন্টারনেট-সুবিধার প্রযুক্তি স্থাপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন ও ২৪ ঘণ্টা চিকিত্সাকেন্দ্র খোলা রাখার দাবিগুলো নিয়েও আলোচনা হয়। দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেয় প্রশাসন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই আন্দোলন হলেও ছাত্রলীগ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সবার জন্যই দাবিগুলো পূরণ হওয়া যৌক্তিক। প্রশাসন দাবি পূরণে গড়িমসি করায় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে একাত্ম হয়। শিক্ষকেরা আশ্বাস দেওয়ায় সমস্যা কেটে গেছে। মুঠোফোনে বারবার যোগাযোগ করেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আহসান উল্যাহর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, আজ সোমবার থেকে ক্লাস শুরু হতে পারে।