চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবরোধকারীদের হামলায় স্কুলছাত্র রাজন আলী নিহতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। গতকাল রোববার বেলা ১১টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের কর্মীরা পরিকল্পিতভাবে রাজন আলীকে পিটিয়ে হত্যা করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
১৫ জানুয়ারি অবরোধকারীদের হামলায় রাজন আলী গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। তার বাবা রুহুল আমীন শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
রহুল আমীন জানান, রাজন মৃত্যুর আগে তার ওপরে হামলাকারী জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের নাম বলে গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগ করি বলেই আমার নাবালক ছেলের ওপর হামলা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে।