সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের কর্মীর করা মামলায় ছাত্রশিবিরের ২৩ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোয়াজ্জেম হোসেনের আদালত এই জামিন মঞ্জুর করেন। গত ৮ জুলাই ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরদিন ছাত্রলীগের কর্মী ও এমসি কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র শওকত হোসেন বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় শিবিরের শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। মামলায় এ পর্যন্ত শিবিরের ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়। আদালত সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশনায় গতকাল সকালে ওই মামলার আসামি সিলেট এমসি কলেজ শাখা শিবিরের সভাপতি এস এম মনোয়ার হোসেন, সাবেক সভাপতি ইয়াসিন খান, সিলেট সরকারি কলেজের সাবেক সভাপতি নজরুল ইসলাম, এমসি কলেজ শাখার সেক্রেটারি মঞ্জুর আলম, মদনমোহন কলেজের সাবেক সভাপতি মঞ্জুরুল আলমসহ ২৩ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে একটানা ৫১ দিন বন্ধ থাকার পর গত বুধবার এমসি কলেজের ক্লাস শুরু হয়। ওই দিন কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে ‘ছাত্রলীগের বহিরাগতরা’ ছাত্রাবাসে আগুন দেয় বলে উল্লেখ করা হয়।