রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ছাত্রলীগের সাত নেতা-কর্মী আহত হন। শিবির এ হামলা চালিয়েছে বলে পুলিশ ও ছাত্রলীগ দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তৃতীয় শ্রেণীর কর্মচারী ও ছাত্রলীগের সাবেক কর্মী সেলিম রেজার ওপর বুধবার রাতে হামলার প্রতিবাদে গতকাল দুপুর একটার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মিছিলটি বেতার মাঠের কাছে পৌঁছলে রাস্তার পাশের গাছের আড়াল থেকে চার-পাঁচটি ককটেল ছুড়ে মারা হয়। উপস্থিত পুলিশ সদস্যরা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। ককটেল হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাজী লিংকন, উপপ্রচার সম্পাদক আনোয়ারুল ইসলামসহ সাত নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে লিংকন ও আনোয়ারুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরের মতিহার থানার ওসি আবদুল মজিদ বলেন, রাস্তার পাশের জঙ্গলের ভেতর থেকে শিবিরের দুই কর্মী ককটেল হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ছাত্রলীগের সভাপতি মিজানুর বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে ছাত্রলীগের মিছিলে এ হামলা চালিয়েছে।