ছাত্রলীগের মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড এক মাস নিষিদ্ধের আদেশ উপেক্ষা করে মিছিল বের করায় গতকাল বুধবার পুলিশি বাধার মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাউথ-সাউথ পুরস্কার প্রাপ্তির খবরে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের একটি আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রশাসন ভবনের ভেতর ঢোকার চেষ্টা করলে পুলিশ আবারও বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের হাতাহাতি হয়। পরে তাঁরা প্রশাসন ভবনের সামনে সমাবেশ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারীর পরিচালনায় সমাবেশে বক্তারা সাউথ-সাউথ পুরস্কার প্রাপ্তিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সমেঞ্চলনে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় থানার ওসির পদত্যাগ দাবি করেন। শামীম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে আমরা মিছিল করেছি। তার পরও প্রশাসনের নির্দেশে পুলিশ আমাদের নেতা-কর্মীদের বাধা দিয়েছে।’ প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে মিছিল করেছে।
ওসি মনিরউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়টি ছাত্রলীগের নেতাদের জানালে তাঁরা তা শোনেননি। পরে প্রশাসন ভবনের ভেতর ঢুকতে চাইলে কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাঁদের আটকাই। এ সময় পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ঘটে।’