ছাত্রলীগের রামপুরা ও পল্টন থানা কমিটি বিলুপ্ত
ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত পল্টন ও রামপুরা থানা কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানতে চাইলে ঢাকা মহানগর ছাত্রলীগের দক্ষিণের শীর্ষস্থানীয় একজন নেতা প্রথম আলোকে বলেছেন, ‘রামপুরা থানা কমিটি বিলুপ্ত করা ঠিক আছে। তবে আমার জানা মতে, নির্দিষ্ট পরিমাণ চাঁদার টাকা না দেওয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পল্টন থানার কমিটি ভেঙে দিয়েছে।’ তিনি জানান, ওই দুটি থানা বিলুপ্ত করতে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডাকা হয়নি। ভবিষ্যতে ছাত্রলীগের কার্যক্রমে এর বিরূপ প্রভাব পড়বে।
তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘এই থানার নেতারা সংগঠনবিরোধী কাজে লিপ্ত ছিল। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে এর প্রমাণ পেয়েছি। এ জন্য ওই থানা দুটির কমিটি বিলুপ্ত করা হয়েছে।’