ছাত্রলীগের সংঘর্ষ, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলের দখল নিয়ে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর গতকালই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সংঘর্ষের কারণে নয়, গ্রীষ্মকালীন ছুটি হিসেবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পিউটার বিজ্ঞান শেষ বর্ষের ছাত্র ও ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত মঞ্জুরুল ইসলাম ওরফে মহসিনের নেতৃত্বে ১৪-১৫ জন ছাত্র গত সোমবার রাত ১১টার দিকে নির্মাণাধীন ভাষা শহীদ আবদুস সালাম হলের তৃতীয় তলার ১১টি কক্ষ দখল করেন। ওই কক্ষগুলোর নির্মাণকাজ শেষ হলেও ঠিকাদার কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেননি। মহসিন ও তাঁর সহযোগীরা তালা ভেঙে কক্ষগুলোতে তাঁদের সমর্থক ছাত্রদের থাকতে দেন। এতে ক্যাম্পাসে ছাত্রলীগের আরেক নেতা নুরুল আফসার ওরফে কাজলের নেতৃত্বাধীন পক্ষ ক্ষুব্ধ হয়।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য ছাত্রলীগের নেতা মঞ্জুরুল ও তাঁর পক্ষের ছাত্রদের তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। তাঁরা উপাচার্যের সঙ্গে দেখা করে বেলা ১১টার দিকে শহীদ আবদুস সালাম হলে এলে সেখানে তাঁদের ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালান কাজলের সমর্থকেরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শিক্ষক সমিতির সভাপতি ও শহীদ সালাম হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল বাশার, প্রক্টর পলাশ কর্মকারসহ কয়েকজন শিক্ষক সংঘর্ষ থামাতে এলে ছাত্ররা তাঁদের লাঞ্ছিত করেন। একপর্যায়ে মঞ্জুরুলের সমর্থকেরা আনোয়ারুল বাশারকে একাডেমিক ভবনে অবরুদ্ধ করেন। ভবনের বাইরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। দুপুর ১২টার দিকে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জামান পুলিশ নিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী জরুরি বৈঠক ডাকেন। সেখানে বিশ্ববিদ্যালয় আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ছাত্রদের গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা এবং ছাত্রীদের আজ বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, আগামী ২ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করার কথা ছিল। ওই তারিখ এগিয়ে এনে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে কথা বলতে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদ জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। চেষ্টা করেও ছাত্রনেতা মঞ্জুরুল ও কাজলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।প্রসঙ্গত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। তবে বছর খানেক ধরে বিভিন্ন ছাত্রসংগঠনের সমর্থকেরা সেখানে প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন।