ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে৷ গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং এক নেতাকে কুপিয়ে জখম করা হয়৷ এরপর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷
গতকাল সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ ছাত্রদের গতকাল দুপুর ১২টা ও ছাত্রীদের বিকেল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে৷ সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধান, প্রাধ্যক্ষ (প্রভোস্ট), সহকারী প্রাধ্যক্ষ ও শিক্ষকদের সমন্বয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চলবে৷
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামীম তালহা গুরুতর আহত হন৷ তঁাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি আহ্বায়ক মেহেদী হাসানের অনুসারী বলে পরিচিত৷
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সোমবার রাত আটটার দিকে শামীম এবং তাঁর সহপাঠী ও একই পক্ষের ছাত্রলীগ কর্মী মো. মুনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ক্যানটিন থেকে বঙ্গবন্ধু হলের দিকে যাওয়ার সময় যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন পক্ষের সাত-আটজন তাঁদের গতিরোধ করে অতর্কিতে হামলা চালান৷ মুনিরুজ্জামান দৌড়ে পালাতে সক্ষম হন৷ তিনি বলেন, মোসলেহ পক্ষের কর্মী মামুন, শুভ, নিশান, বাশার ও বহিরাগতসহ আরও কয়েকজন মিলে শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করেন৷
১০ জুন ছাত্রলীগের ২৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়৷ কমিটি গঠনের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল৷ এর পরই সোমবার রাতে এই সংঘর্ষ হলো৷
তবে মোসলেহ পক্ষের অনুসারী ও চুয়েট শাখা ছাত্রলীগের অপর যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ-আল মামুন দাবি করেন, ‘ফুটবল বিশ্বকাপ ও রমজান মাস উপলক্ষে ছুটির বিষয় নিয়ে শামীমের সঙ্গে আমাদের পক্ষের কয়েকজনের কথা বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়৷ ধারালো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করার ঘটনা ঘটেনি৷’
এদিকে, এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে মেহেদী হাসান পক্ষের কর্মীরা মামুনের কক্ষ ভাঙচুর করেন ও মালামাল বের করে তাতে আগুন ধরিয়ে দেন৷
ঘটনার জের ধরে রাতভর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে৷
তবে গতকাল সকাল থেকে ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস৷ তিনি এও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে, এ ঘটনার তদন্তে পুরকৌশল বিভাগের অধ্যাপক আবদুর রহমান ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্ত কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷
এ ব্যাপারে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে৷ তদন্ত শেষ হলে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে৷