ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে সংগঠনটির দুই পক্ষে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল রোববার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ অাজ সোমবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিষয়টি জানিয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল আমিন খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ শনিবার রাতেই জরুরি বৈঠকে বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ ২০ সেপ্টেম্বর কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করে। ৪৩ সদস্যের ওই কমিটিতে কলেজের পঞ্চম বর্ষের ছাত্র মো. নাসিরুল ইসলামকে সভাপতি ও রাজিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু সভাপতি পদপ্রত্যাশী আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাহির আঞ্জুমের নেতৃত্বাধীন একটি পক্ষ নতুন ওই কমিটি বাতিলের দাবি জানায়। এ নিয়ে কয়েক দিন ধরে কলেজে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের পর আতঙ্কে বেশির ভাগ আবাসিক শিক্ষার্থী হল ত্যাগ করেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাজিব হোসেন বলেন, ‘পদবঞ্চিতরা বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় আমাদের ওপর হামলা চালায়।’ তবে সভাপতি পদপ্রত্যাশী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মিছিলসহকারে আমরা কলেজে প্রবেশ করতে গেলে, নতুন কমিটির লোকজন আমাদের ওপর হামলা করে।’