ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার সকালে জামাল খান প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের চার হাজার ছাত্র-ছাত্রীর নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিতকরণ এবং ছাত্রনেতাদের ওপর হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের ভিপি নাছির উদ্দিন কুতুবী। মূল বক্তব্য পড়ে শোনান নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি রায়হানুল কবির।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত এক মাসের ব্যবধানে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নাছির উদ্দিন, সহভিপি সৈয়দ আহমদুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রুবেল, চতুর্থ বর্ষের ছাত্র জামাল উদ্দিন, কারিগরি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মনির, প্রথম বর্ষের ছাত্র মনিরসহ আরও কয়েকজন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মহানগর পুুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম প্রকাশ গ্যারেজ শফি ছাত্রনেতাদের দিয়ে জায়গা দখল, চাঁদাবাজিসহ অবৈধ কাজে ব্যবহারের অপচেষ্টা চালান। তাঁর এ প্রচেষ্টা সফল না হওয়ায় ছাত্রনেতাদের মারধর ও নির্যাতন করেন। গত ১ জানুয়ারি শফি বাহিনী সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করে সংসদ কার্যালয়ের তালা ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা শঙ্কিত।