বিজয় দিবস উপলক্ষে ফুল দেওয়ার সময় গতকাল সোমবার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান বলেন, ‘আমরা ফুল দিয়ে চলে যাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয় এবং আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আমরা তা প্রতিহত করার চেষ্টা করেছি। কিন্তু ছাত্রদল পিছু হটলে শিবিরের ক্যাডাররা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘ছাত্রলীগ ফুল দেওয়ার সময় আমরা ফুল দেওয়ার জন্য প্রশাসন ভবনের সামনে অপেক্ষা করছিলাম। ফুল দেওয়া শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালালে আমরা তা প্রতিহত করেছি।’
ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা বিজয় দিবসের শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে আমরা প্রতিবাদ জানাই।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।