ছাত্রলীগের সঙ্গে স্থানীয় যুবলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে স্থানীয় যুবলীগের কর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ করে দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর এলাকার যুবলীগের কয়েকজন কর্মী আলাপ করছিলেন। একপর্যায়ে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ছাত্রশিবিরকে প্রশ্রয় দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। ছাত্রলীগের আশপাশের কর্মীরা এসে এতে যোগ দেন। এ সময় যুবলীগের কর্মী রবিউল ও সাত্তারের নেতৃত্বে সংগঠনের কয়েকজন কর্মী ছাত্রলীগের ওপর হামলা চালান। ছাত্রলীগও পাল্টা হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষ রড ও লাঠিসোঁটা ব্যবহার করে। এতে ছাত্রলীগের কর্মী ফারদিন, রাঞ্জু, ইমদাদ, তাকিমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।সংঘর্ষের একপর্যায়ে যুবলীগের কর্মীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। তাঁরা বিনোদপুর এলাকায় সশস্ত্র অবস্থান নিয়ে সেখানে একটি হাতবোমারও বিস্ফোরণ ঘটান। বিকেলে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শহীদ মিনারের সামনে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। আওয়াল কবির ও মাজেদুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় যুবলীগের কর্মী রবিউলসহ অনেকেই টাকার বিনিময়ে ছাত্রশিবিরকে ক্যাম্পাসে ঢোকার সুযোগ করে দিচ্ছেন। রবিউল পাল্টা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কিছু নেতা-কর্মীই এই কাজ করছেন। প্রতিবাদ করতে গেলে তাঁরা যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। রাজশাহী মহানগরের ৩০ নম্বর ওয়ার্ড (বিনোদপুর এলাকা) যুবলীগের সভাপতি নুরুল আমিন বলেন, এ ঘটনায় যুবলীগ জড়িত নয়। ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ক্যাম্পাস ও বিনোদপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।