ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি হিরন মাহমুদের পক্ষের কর্মীদের হামলায় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মতিউর রহমান ও কলেজ শাখার সভাপতি বিশ্বপা ভট্টাচার্য আহত হওয়ার ঘটনায় ৩০ নভেম্বর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ’। হামলায় জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল সোমবার এক মানববন্ধন কর্মসূচিতে ওই ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট বিভাগীয় সমাবেশে হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। ওই ঘটনার জের ধরে গত রোববার ছাত্র ইউনিয়নের ওই দুই নেতার ওপর হিরনের কর্মীরা হামলা করেন বলে অভিযোগ ওঠে।
সিলেটের বামপন্থী-প্রগতিশীল ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ গতকাল মানববন্ধন করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় ৩০ নভেম্বর সিলেট বিভাগের চার জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।