ছাত্রলীগের সভাপতি, সম্পাদক লাঞ্ছিত, পৌর কমিটি বিলুপ্ত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক লাঞ্ছিত হন। ঘটনার পর ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে সরিষাবাড়ী পৌর ছাত্রলীগের কমিটি।স্থানীয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, জামায়াত-শিবিরের ‘দেশ অশান্ত করার অপচেষ্টা’র বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পৌর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি শিহাব উদ্দিন পক্ষের নেতা-কর্মীরা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম সোহেল ও সাধারণ সম্পাদক এস এম ইলিয়াসকে কিল-ঘুষি মারেন পৌর ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস বলেন, ‘আমাকে ও সভাপতিকে সংগঠনের অপর পক্ষের কর্মীরা লাঞ্ছিত করেছে।’ পৌর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি শিহাব উদ্দিন বলেন, ‘আমাদেরকে না জানিয়ে উপজেলা ছাত্রলীগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করেছেন।’ তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম সোহেল দাবি করেন, ওই কর্মসূচির বিষয়ে সবাইকে অবহিত করা হয়েছিল। তিনি জানান, বৃহস্পতিবারের ঘটনার পর উপজেলা ছাত্রলীগ গতকাল শুক্রবার জরুরি বৈঠক করে। বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থপরিপন্থী কাজে লিপ্ত থাকার দায়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিলন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক এহসান মানিককে বহিষ্কার করা হয়। এ ছাড়া পৌর ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউল আউয়াল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।