ছাত্রলীগের সভাপতি অবাঞ্ছিত
শিবির তোষণ, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারবাজিসহ নানা অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ও নিষিদ্ধ করেছেন তাঁরই অনুসারীরা।
গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তাঁরা। এ সময় তাঁরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুনদের হাতে নেতৃত্ব তুলে দিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদ। তিনি বলেন, ছাত্রলীগের বর্তমান সভাপতি মামুনুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ নানা নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণাধীন ভবনের টেন্ডারবাজিতেও তিনি জড়িত। সব ধরনের সাম্প্রদায়িক ও মৌলবাদবিরোধী কর্মসূচিতে মামুনুল হক নিষ্ক্রিয় ভূমিকা পালন করে উল্লেখ করে বলেন, শিবিরের করা মামলায় সংগঠনের সাধারণ কর্মীরা থাকলেও সভাপতির নাম থাকে না।
এ ছাড়া মামুনুল নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সংগঠনের মধ্যে সব সময় অন্তঃকোন্দল লাগিয়ে রাখেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বিবাহিত হওয়ায় তাঁরও পিছুটান রয়েছে উল্লেখ করে সম্মেলনে নেতা-কর্মীরা বলেন, বর্তমান কমিটির প্রায় ৫০ জন নেতার নিয়মিত ছাত্রত্ব নেই। তাঁদের দিয়ে ক্যাম্পাসে মৌলবাদবিরোধী রাজনীতি করাও সম্ভব নয়। গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রলীগের তালা লাগানোর বিষয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, সভাপতি মামুনুল হকের একক নির্দেশ ও ইন্ধনে সংগঠনের জুনিয়র কর্মীরা এ ঘটনা ঘটিয়েছিলেন।
তবে মামুনুল হক তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগের ভিত্তি নেই। যাঁরা এসব অভিযোগ এনেছেন, তাঁরা নিজেদের স্বার্থ উদ্ধারে এসব করছেন।’
এ সময় উপস্থিত অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী, জোনায়েদ এয়াকুব, সাংগঠনিক সম্পাদক মো. আল জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সরোয়ার পারভেজ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক রূপম বিশ্বাস, ক্রীড়াবিষয়ক উপসম্পাদক মো. মাকসুদুর রহমানসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা সবাই মামুনুল হকের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
গত বছরের ৮ ফেব্রুয়ারি সংঘর্ষে শিবিরের দুই কর্মী নিহত হলে শিবিরের ও নিহত ব্যক্তিদের পরিবারের করা মামলায় সভাপতি মামুনুল হকের নাম ছিল না। পরে শিবির তোষণের অভিযোগ এনে মামুনুল হককে ব্যাপক মারধর করেন নেতা-কর্মীরা। সর্বশেষ চলতি বছরের ২০ জুলাই তাঁর নির্দেশে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেন তাঁরই অনুসারীরা। এর পর থেকে মামুনুল হক ছাত্রলীগের নেতা-কর্মীদের তোপে পড়ার ভয়ে ক্যাম্পাসে আর প্রবেশ করেননি।