চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের বিরুদ্ধে ছাত্রশিবিরকে তোষণের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুলজীবনে তিনি ছাত্রশিবিরের কর্মী ছিলেন। এ কারণে সংগঠনের কর্মীদের তোপের মুখে পড়ে গত বৃহস্পতিবার রাতে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন মামুনুল হক। তবে মামুনুল হক সাংবাদিকদের বলেছেন, অস্ত্রের মুখে তাঁকে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করা হয়েছে।ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পদত্যাগের বিষয়ে সংগঠন থেকে ই-মেইলে একটি সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। তাতে মামুনুল হকের সই করা পদত্যাগপত্র যুক্ত করা হয়েছে। ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার জের ধরে গত বৃহস্পতিবার রাতেই ছাত্রলীগের কর্মীরা মামুনকে ‘শারীরিকভাবে নাজেহাল’ করেছেন বলে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মামুনুল হক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন।কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির পদত্যাগের বিষয়টির ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা আপনাদের জানানো হবে।’ছাত্রলীগের একটি সূত্রের দাবি, মামুনুল হক স্কুলজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রশিবিরের দুই নেতা খুনের ঘটনায় ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হলেও কোনো মামলায় আসামি হিসেবে তাঁর নাম নেই। চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছাত্রলীগের নেতা তো দূরের কথা একজন কর্মীও আবাসিক হলে থাকতে পারতেন না। কিন্তু মামুনুল ভালোভাবেই শাহ আমানত হলে থেকেছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা মনে করেন মামুনুলের সঙ্গে শিবিরের গোপন আঁতাত রয়েছে। ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমান কমিটির সভাপতি মামুনুল হককে বিরোধী দলে থাকা অবস্থায় কোনো মিছিল-সমাবেশে দেখিনি। বরং শিবিরের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল। যাচাই-বাছাই না করে কমিটি দিয়ে দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রন্টু দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার রাতে নগরের জিইসি মোড়ে অবস্থিত একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সভার আয়োজন করা হয়। সভায় কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সভাপতি মামুনুল হককে বিভিন্ন প্রশ্ন করেন এবং ছাত্রশিবিরের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে জানতে চান। এ সময় তিনি কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে কর্মীরা তাঁকে বিভিন্নভাবে নাজেহাল করেন। এ অবস্থায় সভাপতি মামুনুল পদত্যাগ করেন।পদত্যাগপত্রে মামুনুল হক পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব পরিচালনায় ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করেন। মামুনুল হক প্রথম আলোকে বলেন, গত ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের হামলায় আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাহাত হোসেনকে দেখে তিনি নগরের জিইসি মোড়ে যাচ্ছিলেন। পথে গোলপাহাড় এলাকায় ১০-১২ জন মুখোশধারী অস্ত্র ঠেঁকিয়ে তাঁর চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাঁকে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করা হয়। মামুনের বক্তব্য প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর সিকদার প্রথম আলোকে বলেন, ‘তাঁর এ অভিযোগ ভিত্তিহীন, অবান্তর ও মিথ্যাচার।’