চাঁদপুরের হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি মো. শুকুর আলমকে মারধরের ঘটনায় থানার দুই উপপরিদর্শককে (এসআই) গতকাল সোমবার প্রত্যাহার করা হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, গত রোববার সন্ধ্যায় এসআই সৈয়দ জাহিদুল হক ও মো. বিল্লাল হোসেন একদল পুলিশ নিয়ে পৌরসভার খাটরা বিলওয়াই গ্রাম থেকে এক গৃহবধূকে উদ্ধার করেন। এ সময় ওই গৃহবধূর দেবর ছাত্রলীগের কর্মী হান্নান হোসেন পুলিশকে বাধা দেন। পরে সন্ধ্যার দিকে হান্নান তাঁর সহকর্মীদের নিয়ে থানার সামনে জড়ো হন। খবর পেয়ে শুকুর ঘটনা জানার জন্য থানায় গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাঁকে লাঠিপেটা করে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এক ঘণ্টার মধ্যে থানা ঘেরাও করেন। এ সময় নেতা-কর্মীরা অভিযুক্ত এসআই ও কনস্টেবলদের তাৎক্ষণিক প্রত্যাহারের দাবি করেন। পরে ঘটনাস্থলে এসে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন ও শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশদের প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেন। এরপর ওই সময়সীমার মধ্যেই গতকাল দুই এসআইকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুকুর আলম জানান, থানায় ঢোকার সময় এসআই জাহিদুল ও বিল্লালের নেতৃত্বে চার-পাঁচজন কনস্টেবল তাঁকে বিনা দোষে লাঠিপেটা করেন। এ ঘটনা বলার সময় নেতা-কর্মীদের সামনে তিনি (শুকুর) কান্নায় ভেঙে পড়েন।এসআই জাহিদুল ও বিল্লাল দাবি করেন, ‘তাঁরা শুকুরকে কোনো মারধর করেননি। নেতা-কর্মীদের থামাতে পুলিশ লাইন থেকে আসা কনস্টেবলরা তাঁকে লাঠিপেটা করেছেন। কিন্তু বিনা অপরাধে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’