ছাত্রলীগের সভাপতিকে মারধরের অভিযোগ, থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি মো. শুকুর আলমকে হাজীগঞ্জ থানায় মারধর করার অভিযোগে গতকাল সন্ধ্যায় নেতা-কর্মীরা এক ঘণ্টা থানা ঘেরাও করে রাখেন। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোডের মাথায় টাওয়ার জ্বালিয়ে আধা ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক অবরোধ করেন।

থানার এসআই সৈয়দ জাহিদুল হক ও মো. বিল্লাল হোসেন একদল পুলিশ নিয়ে পৌরসভাধীন খাটরা বিলওয়াই গ্রাম থেকে এক গৃহবধূকে উদ্ধার করেন। উদ্ধারের সময় তাঁর দেবর ছাত্রলীগ নেতা হান্নান হোসেন পুলিশকে বাধা দেন। পরে সন্ধ্যার দিকে হান্নান তাঁর সহকর্মীদের নিয়ে থানার সামনে জড়ো হন। খবর পেয়ে শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম ঘটনা জানার জন্য থানায় গেলে পুলিশ বাধা দেয়। শুকুর আলম জানান, থানায় ঢোকার সময় এসআই জাহিদুল হক ও বিল্লাল হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন কনস্টেবল তাঁকে লাঠিপেটা করেন।

এ ঘটনা জানার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা থানার সামনে জড়ো হয়ে অভিযুক্ত এসআই ও কনস্টেবলদের তাৎক্ষণিক প্রত্যাহারের দাবি করেন। উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন ও শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেন। এসআই সৈয়দ জাহিদুল হক ও বিল্লাল হোসেন দাবি করেন, ‘তাঁরা শুকুর আলমকে কোনো মারধর করেননি। নেতা-কর্মীদের থামাতে পুলিশ লাইন থেকে আসা কনস্টেবলরা লাঠিপেটা করেছেন। আমরাও মার খেয়েছি।’