ছাত্রলীগের সভাপতিসহ ১৮ জনের নামে মামলা
ছয়জনকে পিটিয়ে জখম করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের জমি দখল করার অভিযোগে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান, তাঁর বাবা সৈয়দ দেলোয়ার হোসেনসহ ১৮ জনের নামে গত সোমবার রাতে ঝালকাঠি থানায় মামলা হয়েছে। আহত মাহবুবুর রহমানের স্ত্রী মোসামঞ্চৎ রুমা বেগম বাদী হয়ে এ মামলা করেন।মামলায় রুমা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী মাহবুবুর রহমানের সঙ্গে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বাদশা মিয়া, চান ফকির ও হাবিবুর রহমানের বিরোধ এবং মামলা চলে আসছিল। তাঁদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে নিতে পারে—এ আশঙ্কায় আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন তাঁর স্বামী। পুলিশ ১৪৪ ধারা বলবৎ করার আগেই উল্লিখিত প্রতিপক্ষের লোকজন সোমবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি হাদিসুর রহমান ও তাঁর সহযোগী সন্ত্রাসীদের নিয়ে তাঁর স্বামী মাহবুবুর রহমান, দেবর মনির হোসেন, শাশুড়ি রওশন আরা, ননদ খুকুসহ ছয়জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি হাদিসুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে আটক জেসমিন বেগমকে এ মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।