বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকে প্রধান আসামি করে ৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দায়িত্ব পালনে বাধা, পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে গতকাল শনিবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আল মামুন।
আজ রোববার সকালে বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আছলাম আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত বৃহস্পতিবার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন ওরফে সবুজ (২১) হত্যার ঘটনায় বেনজির আহমেদের নেতৃত্বে আসািমরা কলেজের নতুন ভবনের সামনে সাতমাথা-তিনমাথা সড়ক অবরোধ করেন। এ সময় বেনজির ও তাঁর সহযোগীরা দায়িত্বরত অবস্থায় থাকা স্টেডিয়াম ফাঁড়ির এসআই আল মামুনের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা আল মামুনের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
বৃহস্পতিবার দুপুরে রিকশাভাড়া নিয়ে বিতণ্ডার জেরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তাঁর সহযোগীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের বাংলা বিভাগ শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন নিহত হন। এ ঘটনায় গত শুক্রবার নিহত ইব্রাহীমের চাচা হারুনুর রশিদ বাদী হয়ে শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে নুরুকে প্রধান আসামি ও ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।