ছাত্রলীগের সমর্থক আসামিকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে দুটি গাড়ি ভাঙচুরের মামলার প্রধান আসামিকে বাদ দিয়ে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। হামলার ঘটনায় নেতৃত্বদানকারী ইব্রাহীম মিয়া ছাত্রলীগের সমর্থক বলে পরিচিত।আদালতের নির্দেশনার পরও পুলিশ অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ইউপি চেয়ারম্যানের পরিবারের সদস্যরা। গত ২৯ নভেম্বর রাত সোয়া একটায় কমলগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার বাড়িতে হামলা চালিয়ে একটি প্রাইভেট কারসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়। গোলাম কিবরিয়া ও তাঁর ভাই সাবেক পৌর কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত অভিযোগ করেন, ঘটনার পর টানা দুদিন লিখিত অভিযোগ নিয়ে কমলগঞ্জ থানায় গেলেও থানা কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেনি। অথচ হামলাকারী ইব্রাহীম মিয়ার সঙ্গে কমলগঞ্জ থানার এক এসআইয়ের বন্ধুত্ব থাকায় ওই রাতেই ঘটনার আগে একটি বানোয়াট অভিযোগ গ্রহণ করে থানা কর্তৃপক্ষ, যা পরে মামলা হিসেবে গ্রহণ করা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান এবং তাঁর ভাইসহ আটজনকে আসামি করা হয়। থানায় মামলা গ্রহণ না করায় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দুদিন পর মৌলভীবাজার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। আদালত প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআরআই) তৈরি করে দ্রুত চার্জ গঠনের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার দীর্ঘদিন পরও পুলিশ চার্জ গঠন করেনি। ইউপি চেয়ারম্যান জানান, আসামি ইব্রাহীমের বিরুদ্ধে হত্যা মামলা, মোটরসাইকেল ছিনতাইসহ অনেক মামলা থাকার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।