কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল রোববার ছাত্রলীগের কর্মীদের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় অধ্যক্ষের কক্ষের দরজা, জানালা ভাঙচুরসহ তাঁর কক্ষের আসবাবপত্র তছনছ করা হয়। শিক্ষকদের অভিযোগ, ছাত্রলীগের সমর্থক কয়েকজন শিক্ষার্থীকে বদলির জের ধরে এ হামলা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরতলির বিসিক শিল্প এলাকায় অবস্থিত ইনস্টিটিউটে সকাল ১১টায় প্রতিষ্ঠানের ছাত্রলীগ শাখার যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী শিক্ষক জাহাঙ্গীর আলমের ওপর চড়াও হয়। তাঁকে রক্ষায় অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে হামলাকারীরা অধ্যক্ষের কক্ষসহ আসবাবপত্র ভাঙচুর করে। একসময় তারা শিক্ষক, শিক্ষার্থীদের অবরুদ্ধ করে মূল গেটে তালা লাগিয়ে দেয়। বেলা ১২টায় পুলিশ ও র্যাবের একটি দল গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে। হামলায় শিক্ষক জাহাঙ্গীরসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, কিছুদিন আগে শিক্ষক জাহাঙ্গীর আলমকে আট শিক্ষার্থী লাঞ্ছিত করে। তদন্তে এর সত্যতা প্রমাণিত হওয়ায় গতকাল সকাল সাড়ে ১০টায় অভিযুক্ত ছাত্রদের বদলি করা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীরা হামলা করে। অধ্যক্ষ জানান, তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ প্রথম আলোকে বলেছেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ বেশির ভাগ শিক্ষকই জামায়াত-শিবিরের সমর্থক। তাঁরা সেখানে ছাত্রলীগের কার্যক্রম বন্ধে পরিকল্পিতভাবে সংগঠনের আট নেতা-কর্মীকে বদলি করেন। হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে আলী আহমদ উল্টো অভিযোগ করেন, শিবিরের ক্যাডারেরা হামলা চালিয়ে তাঁদের নেতা-কর্মীদের আহত করেছে। তিনি বলেন, ছাত্রলীগের কারও বিরুদ্ধে মামলা হলে তাঁরা আন্দোলন করবেন। এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেছেন, হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।