ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের সমাবেশ চলাকালে ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্লিন্টারের আঘাতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজন আহত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাৎক্ষণিক হাসপাতালের সামনের সড়ক (শহরের প্রধান সড়ক) কিছু সময় অবরোধ করে রাখেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী কলেজশিক্ষার্থীরা জানান, গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও জেলা শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন হত্যার প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে সমাবেশের আয়োজন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ক্যাম্পাসের বাইরের দিক থেকে সমাবেশস্থল লক্ষ্য করে কে বা কারা ৮-১০টি ককটেল নিক্ষেপ করে। ককটেলের বিস্ফোরণে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন ও জেলা ছাত্রলীগের নেতা তুষার হোসেন আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ককটেলের স্প্লিন্টারে রবিউলের ডান কাঁধ ও তুষারের বাঁ হাত ক্ষতবিক্ষত হয়। তাঁদের ক্ষতস্থানে সেলাই শেষে ব্যান্ডেজ করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শফিকুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাস ও হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।