ছাত্রলীগের সম্মেলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক যুগ পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ গতকাল শনিবার নির্ধারণ করা হয়েছিল। সম্মেলনের সব প্রস্তুতিও শেষ করা হয়েছিল; কিন্তু জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে সমন্বয় না থাকায় গত শুক্রবার তা স্থগিত করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে উপজেলার নয়টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয় নেই। একই সঙ্গে গাজীপুর জেলার যেসব নেতা-কর্মী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, তাঁদের সঙ্গে উপজেলা পর্যায়ের নেতাদের যোগাযোগ নেই। এসব কারণে গত শুক্রবার সকালে সম্মেলন স্থগিত করা হয়েছে। মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ জানান, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর জেলা ছাত্রলীগ ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের আন্তরিক প্রচেষ্টায় বহু প্রত্যাশিত সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু হঠাত্ করে সম্মেলন স্থগিত ঘোষণা করায় নেতা-কর্মীরা হতাশ হয়েছেন।গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকার জানান, সম্মেলন স্থগিত করার পেছন অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ১৫ জন করে কাউন্সিলরের নামের তালিকা জেলায় পাঠানোর কথা থাকলেও তা তাঁরা পাঠাননি। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলীম আল রাজিব বলেন ‘জেলা ছাত্রলীগের কমিটির নির্দেশে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। হঠাত্ করেই তাঁরা আবার গত শুক্রবার সম্মেলন স্থগিত করার নির্দেশ দেন। তবে আশা করছি, শিগগিরই সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’