মেয়াদোত্তীর্ণ কমিটির চার বছর পূর্তি আজ
ছাত্রলীগের সম্মেলনের প্রতীক্ষায় ‘বয়সোত্তীর্ণ’ হওয়ার পথে অনেকে
দেশের অন্যতম প্রধান ছাত্রসংগঠন ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির চতুর্থ বর্ষপূর্তি আজ। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ মাসে ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সরকারের মন্ত্রী-সাংসদেরাও বিব্রত হয়েছেন বারবার। তার পরও মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বহাল থাকায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বেড়েছে। বিভিন্ন স্তরের অনেক নেতা-কর্মী এ ক্ষোভের কথা প্রথম আলোকে জানিয়েছেন।ছাত্রলীগের একাধিক নেতা জানান, বিশ্ববিদ্যালয়গুলোর কমিটিসহ সারা দেশে ছাত্রলীগে এখন চরম বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। তাঁরা বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, ২৯ বছরের বেশি কেউ নেতৃত্বে থাকতে পারবেন না। কিন্তু শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার পদ আঁকড়ে থাকায় সম্মেলন হচ্ছে না। এদিকে সম্মেলনের প্রতীক্ষায় অনেকেরই বয়স পেরিয়ে যাচ্ছে।নির্বাচন কমিশনের বর্তমান গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ছাত্রসংগঠনগুলো স্বাধীন। তার পরও গত ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে সংঘর্ষ এবং মেধাবী ছাত্র আবুবকরের মৃত্যুর ঘটনার পর আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী), আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হকের ওপর ছাত্রলীগকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়। এ তিনজনের কমিটি ছাত্রলীগের ওপর এরই মধ্যে একটি প্রতিবেদন দিয়ে দ্রুত সম্মেলন করে নতুন কমিটি করার পরামর্শ দিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।সূত্রটি জানায়, ছাত্রলীগের বিষয়ে ওই তিন নেতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার কথা বলবেন। তবে ভোলার উপনির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনের আগে ছাত্রলীগের সম্মেলনের নতুন তারিখ নাও ঘোষণা হতে পারে।জানতে চাইলে বি এম মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তাঁদের ছাত্রলীগের সার্বিক অবস্থা নিয়ে প্রতিবেদন দিতে বলেছিলেন। সে অনুযায়ী তাঁরা কাজ করেছেন।কবে নাগাদ সম্মেলন হতে পারে—এ প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ‘এখনি সেটি বলার সময় আসেনি।’সর্বশেষ ২০০৬ সালের ৪ এপ্রিল ছাত্রলীগের সম্মেলন হয়। তাতে মাহমুদ হাসানকে সভাপতি ও মাহফুজুল হায়দার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ছাত্রলীগের গঠনতন্ত্রের ১১(খ) ধারা অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যকাল দুই বছর। এরপর কমিটির কার্যকরতা থাকবে না। সে হিসাবে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের এপ্রিলে।দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর ছাত্রলীগের নেতা-কর্মীদের একটা অংশ বেপরোয়া হয়ে ওঠে। তারা বিভিন্ন স্থানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তিবাণিজ্য, হল দখল, পাল্টাপাল্টি হামলা, ছাত্রী নির্যাতন, সাংবাদিক নির্যাতন ও দলীয় নেতাদের অবাঞ্ছিত ঘোষণাসহ নানা সহিংস ঘটনা ঘটিয়েছে। গত বছরের ৪ এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত ১৫ মাসে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ২৪২ জন নেতা-কর্মীকে।ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা জানান, গত চার বছরে ছাত্রলীগের ৮৭টি জেলা কমিটির মধ্যে মাত্র ১৪টি নতুন করে হয়েছে। এর মধ্যে তিনটিতে আবার পাল্টাপাল্টি কমিটি গঠিত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষের কারণে যশোরে সম্মেলন পণ্ড হয়ে যায়। এর জের ধরে একজন খুনও হন।এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, সারা দেশে প্রকৃত ছাত্রদের হাতে ছাত্রলীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য তাঁরা কাজ করছেন। এরই মধ্যে অনেক জেলায় সম্মেলন হয়েছে। আরও অনেক জেলায় সম্মেলন হবে। এসব শেষ করে শিগগিরই কেন্দ্রীয় সম্মেলন করে নতুন কমিটি করা হবে।