ছাত্রলীগের সহসভাপতিসহ ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হন ছাত্রদল নেত্রী মানসুরা আলম
ফাইল ছবি: প্রথম আলো

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদারসহ ৩৩ নেতা–কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ছাত্রদল নেত্রী মানসুরা আলম।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মামলার অভিযোগ তদন্ত করে আগামী ২৬ জুনের মধ্যে প্রতিবেদন দিতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, মামলায় ছাত্রলীগের ৩৩ নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন ছাত্রলীগের সহসম্পাদক রাশেদ ফেরদৌস, সহসম্পাদক আমানুল্লাহ আমান, পরিবেশবিষয়ক সম্পাদক শামীম পারভেজ, গণশিক্ষা–বিষয়ক সম্পাদক আবদুল্লাহ হিল বারী, উপদপ্তর সম্পাদক মো. নাজির, খান মোহাম্মদ শিমুল, আপ্যায়ন–বিষয়ক সম্পাদক শাহিন তালুকদার, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়–বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আক্তার, ঢাকা কলেজ ছাত্রলীগের সহসম্পাদক সামাদ আজাদ জুলফিকার, জগন্নাথ হল ছাত্রলীগের অভিজ্ঞান দাস, অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান, সহসভাপতি রাকিব হোসেন, বিজয় একাত্তর হলের মজিবুল বাশার, সলিমুল্লাহ হলের নাজিমুদ্দিন সাইমুন, শহীদুল্লাহ হলের সভাপতি শরীফ আহাম্মদ, এফ রহমান হলের আবদুর রাহিম, ছাত্রলীগ কর্মী মাহমুদ চৌধুরী, ঢাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান, এসএম হলের সায়েম, এফ রহমান হলের সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার, ঢাবি শাখার সাবেক সহ–সভাপতি আবদুল্লাহ আল ফারিয়াল, শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম, সূর্যসেন হলের নাহিদ সাদি, জগন্নাথ হলের ঐশিক শুভ্র, সৌরভ চক্রবর্তী এবং চুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ ইমাম বাকের।

মামলার অভিযোগে বলা হয়, ছাত্রলীগের নেতা–কর্মীরা দোয়েল চত্বর এলাকায় লোহার রড, রামদা, চাপাতি, বাঁশের লাঠি নিয়ে হামলা চালিয়ে ছাত্রদলের নেতা–কর্মীদের হত্যার চেষ্টা চালান। হামলায় ছাত্রদলের ৭০ থেকে ৮০ নেতা–কর্মী আহত হন।

মামলায় মানসুরা আলম দাবি করেন, সেদিন তিলোত্তমা শিকদার, খাদিজা আক্তার তাঁকে হত্যার চেষ্টা করেন।