চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজন কর্মীকে ছয় মাসের জন্য সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়।বহিষ্কৃত কর্মীরা হলেন: অর্থনীতি বিভাগের তায়েফুল হক ও বাপ্পি, রাজনীতি বিজ্ঞান বিভাগের আবদুল গনি নাহিম, লোকপ্রশাসন বিভাগের শাওন ও শুভ, দর্শন বিভাগের ইফতেখার এবং সমাজতত্ত্ব বিভাগের মেহেদী। বহিষ্কার হওয়া সবাই দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’-এর সমর্থক বলে জানা গেছে।বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম। উল্লেখ্য, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘কনকর্ড’-এর কর্মীদের ওপর হামলা চালায় ‘সিক্সটি নাইন’-এর সমর্থকেরা।