ছাত্রলীগের সাত নেতাকে দুই বছরের জন্য বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র জমাদানে বাধাদান ও ক্যাম্পাসে অশান্ত পরিবেশ সৃষ্টির অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতজনকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।তবে শিক্ষক নির্বাচনের মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগে সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী সাত দিনের মধ্যে তার জবাব চেয়ে তাঁদের কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নওয়াব আলী জানান, বহিষ্কার করা ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও কৃষি অনুষদের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী কামরুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক ও এমএসের শিক্ষার্থী সাইফুল ইসলাম, ছাত্রলীগের নেতা ও কৃষি অনুষদের অষ্টম সেমিস্টারের আরিফুর রহমান, কৃষি অনুষদের অষ্টম সেমিস্টারের বেল্লাল হোসেন ও সপ্তম সেমিস্টারের আবু সাঈদ হাসান, এমএসের ইমাম হোসেন এবং বিবিএ অষ্টম সেমিস্টারের মো. কাওসার।রেজিস্ট্রার আরও জানান, গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের দরপত্র জমাদানে বাধা প্রদান এবং ক্যাম্পাসে অশান্ত পরিবেশ সৃষ্টির প্ররিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়াও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জমা দেওয়া মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে এই দুজনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে জবাব চেয়ে তাঁদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। উপাচার্য মো. শামসুদ্দিনের সভাপতিত্বে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।২২ জানুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ৪৫ লাখ টাকার কাজের দরপত্র দাখিল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এদিকে ২২ জানুয়ারির ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্থগিত করে। এ ছাড়া ওই দুই নেতা ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের নির্বাচনের আগে জমা দেওয়া ৩৩টি মনোনয়নপত্র ১৮ নভেম্বর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ইফতেখারুল আলমের কক্ষে হামলা চালিয়ে ছিনিয়ে নেন এবং নির্বাচন বন্ধ করার হুমকি দেন।