ছাত্রলীগের সাত সদস্যের কমিটির ছয়জনেরই ছাত্রত্ব নেই
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত সদস্যের কমিটির মধ্যে ছয়জনেরই ছাত্রত্ব নেই। যে একজনের ছাত্রত্ব আছে, তিনিও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় ২০০৩ সালে। এরপর ২০১৩ সালের ৮ মে সঞ্জীবন চক্রবর্তীকে সভাপতি, আবু সাঈদ আকন্দ, রঞ্জিত দেব ও অঞ্জন রায়কে সহসভাপতি, ইমরান খানকে সাধারণ সম্পাদক, সাজেদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপ্রজিৎ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্যের নতুন কমিটি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাত সদস্যের এ কমিটির সভাপতি সঞ্জীবনের ছাত্রত্ব শেষ হয়েছে গত জুনে। ছাত্রত্ব না থাকার পরও নেতৃত্বে থাকা প্রসঙ্গে জানতে সঞ্জীবনের মুঠোফোনে ফোন করা হলে তা ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল। ছাত্রত্ব না থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমরা তো কমিটি ঘোষণার পর থেকে ক্যাম্পাসেই ঢুকতে পারছিলাম না। এতে অনেকের শিক্ষাজীবন ব্যাহত হয়েছে। আবার কারও অসম্পূর্ণ রয়ে গেছে।’
জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাঈদের ছাত্রত্ব শেষ হয়েছে গত ৫ সেপ্টেম্বর। তিনি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিভাগের নথি ঘেঁটে দেখা গেছে, এ বিভাগে স্নাতকোত্তরের পর এমফিল বা অন্য কোনো কোর্স করার সুযোগ নেই। অথচ আবু সাঈদ এমফিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন।
সহসভাপতি রণজিৎ দেব পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত বছরের আগস্টে তাঁর স্নাতকোত্তর শ্রেণির ফল প্রকাশিত হয়। গত বছরের ৯ মে ক্যাম্পাসে দুর্বৃত্তদের হামলায় রণজিত দেব আহত হন। এরপর তিনি আর ক্যাম্পাসে ফেরেননি। বর্তমানে তিনি চাকরিতে যোগদানের অপেক্ষায় আছেন বলে জানান।
যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল পলিটিক্যাল স্টাডিজ বিভাগ থেকে গত বছর স্নাতকোত্তর পাস করেছেন। সাংগঠনিক সম্পাদক সুপ্রাজিৎ চৌধুরী পড়তেন অর্থনীতি বিভাগে। গত ৩ মার্চ তাঁর স্নাতকোত্তরের ফল প্রকাশিত হয়। সুপ্রাজিৎ বলেন, ‘আমি এখন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।’
সাধারণ সম্পাদক ইমরান খান পরিসংখ্যান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গত বছর চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি হন। এরপর তিনি আর ভর্তি হননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, সাতজনের মধ্যে ছাত্রত্ব আছে কেবল সহসভাপতি অঞ্জন রায়ের। তিনি অর্থনীতির স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবর রহমান বলেন, ‘পরীক্ষা অধ্যাদেশ অনুসারে, ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীরই ছাত্রত্ব থাকে না। তা ছাড়া ভর্তি না থাকলেও কেউ ছাত্র বলে গণ্য হবেন না।’