ছাত্রলীগের সাবেক নেতার নেতৃত্বে জায়গা দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ছালিয়া এলাকায় গতকাল সোমবার জায়গা দখল নিয়ে গ্রামবাসীর সঙ্গে ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বাধীন ক্যাডারদের সংঘর্ষ হয়েছে।সংঘর্ষে ছাত্রলীগ ক্যাডাররা গুলিবর্ষণও করে। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী তাদের ধাওয়া করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গ্রামবাসী অস্ত্রসহ ১৭ জনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয় পক্ষে সাতজন আহত হয়েছে। এর মধ্যে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া এলাকায় একটি জায়গার বিরোধ নিয়ে দুই পক্ষে দখল তৎপরতা চলছিল। ওই এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী আজমল হোসেন ও নগরের সুবিদবাজার এলাকার আবদুল মুহিতের সঙ্গে জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সোমবার মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে ওই জমি দখল করতে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পীযূষ কান্তি দের নেতৃত্বে একদল যুবক জায়গার দখল নিতে যায়।ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের ওই পক্ষ নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে জমির পাশে থাকা কয়েকটি দোকান ভাঙচুর ও জিনিসপত্র একটি পিকআপ ভ্যানে তুলে নিলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় ছাত্রলীগের ওই পক্ষ এলাকাবাসীকে ধাওয়া করলে স্থানীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী সংগঠিত হয়। ছালিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলকারীদের ধাওয়া করে। এ সময় দখলদার পক্ষ গুলি করলে সংঘর্ষ বেধে যায়।রাত আটটা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি জানিয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রলীগের সাবেক নেতা পীযূষ কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর দলে থাকা একজন জানান, জায়গা দখলে গিয়ে পীযূষই ছাত্রলীগের নাম ব্যবহার করেন বলে অভিযোগ করেন।