ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের পাশে তাঁর স্ত্রী। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের পাশে তাঁর স্ত্রী। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ

রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে এ হামলার ঘটনায় বিএনপি জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এ ঘটনার প্রতিবাদে কাল শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
গুলিবিদ্ধ এনামুল
পারিবারিক সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, সকাল সাড়ে নয়টার দিকে এনামুল তাঁর প্রাইভেটকারে করে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন। কিছু দূর যেতেই মোটরসাইকেল থেকে তিনজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোঁড়ে। এর মধ্যে দুটি গুলি তাঁর বাঁ হাতে লাগে। এরপরই তাঁকে বাংলাদেশ মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাসস জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুলের অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার চলছিল।

এনামুলকে দেখতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ফজলে নূর তাপস, পুলিশ কমিশনার বেনজির আহমেদসহ আরও অনেকে হাসপাতালে যান।

বিএনপির বিরুদ্ধে কর্মসূচি

সন্ত্রাসীদের গুলিতে আহত এনামুল হক শামীমের পাশে চিকিত্সক ও নেতা-কর্মীরা। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
সন্ত্রাসীদের গুলিতে আহত এনামুল হক শামীমের পাশে চিকিত্সক ও নেতা-কর্মীরা। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ


এনামুলকে গুলি করার ঘটনায় আজ ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভা থেকে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের জানা মতে, এনামুল হক শামীমের ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো শত্রু নেই। বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন সময় চোরাগোপ্তা হামলা চালানোর হুমকি দিয়েছেন। এনামুলের ওপর বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে হামলা হলো কি না—পুলিশকে বিষয়টি মাথায় রাখতে হবে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারেন।’
মাহবুব উল আলম হানিফ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া ঈদের পর খালেদা জিয়ার কঠোর আন্দোলন প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, দাঁত ও নখবিহীন বুড়ো বাঘিনীর হুংকারে কেউ সাড়া দেবে না। আর তাঁর হুমকি আমলে নেওয়ার প্রয়োজন নেই।