চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী তাপস সরকার নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত সোমবার রাতে হাটহাজারী থানায় মামলাটি করেন তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম। এতে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত রোববার শাহ আমানত ছাত্রাবাসের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাপস। আহত হন ছাত্রলীগের পাঁচ কর্মী। তাপস ও আহত ব্যক্তিদের সবাই ছাত্রলীগের বগিভিত্তিক পক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও ক্যাম্পাস ছাত্রলীগের পক্ষের নেতা-কর্মী।
সূত্র জানায়, ছাত্রলীগের বগিভিত্তিক পক্ষ সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের সাবেক সম্পাদক নাসির হায়দার। বগিভিত্তিক অপর পক্ষ ভিএক্সের (ভার্সিটি এক্সপ্রেস) নেতৃত্বে আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আলম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন।
নগর পুলিশের (উত্তর) অতিরিক্ত সুপার মো. শহিদুল্লাহ বলেন, পাঁচ-ছয়জন আসামি ঘটনাস্থলে ছিলেন না বলে জানা গেছে। তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে।