চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে আহত করেছেন সংগঠনের প্রতিপক্ষ কর্মীরা। ছাত্রলীগের আহত কর্মীর নাম রাকিব হোসেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুন্নাহার ছাত্রী হলের ঝুপড়ির সামনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে রাকিব হোসেন বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে রিকশায় করে শামসুন্নাহার ছাত্রী হলের দিকে যাচ্ছিলেন। রিকশা শহীদ মিনার এলাকা পার হওয়ার সময় অটোরিকশা করে ছাত্রলীগের পাঁচ-ছয়জন কর্মী এসে তাঁকে রড ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেদম মারধর করে পালিয়ে যান। এতে রাকিবের হাতে ও পায়ে গুরুতর জখম হয়। গুরুতর আহত রাকিবকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত রাকিবের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের নির্দেশে তাঁর ওপর হামলা হয়েছে। তবে মামুনুল হক বলেন, ‘ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই হামলা হতে পারে। হামলার সঙ্গে আমার জড়িত থাকার প্রশ্নই ওঠে না।’ রাকিব হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও তিন সহকারী প্রক্টর, সাংবাদিকসহ শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া মহিউদ্দিন মাসুম ও কাওসার আহমেদ নামের দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিভিন্ন সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে কয়েক দফা বহিষ্কার করে।