ছাত্রলীগের সেই চার নেতাকে বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে হামলা চালিয়ে পরীক্ষা বন্ধ করার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আজ মঙ্গলবার রাতে তাদের বহিষ্কার করে।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওরফে পলাশ, পরিবেশ সম্পাদক মুসতাকিম বিল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে কেন্দ্রীয় কমিটি।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসানের অসুস্থতার কথা বলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে হামলা চালিয়ে পরীক্ষা বন্ধ করে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে বিভাগে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হামলার নেতৃত্ব দেন।