ছাত্রলীগের সেই নেতাকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্বে অবহেলা ও বিভিন্ন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১০ মে তাঁকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য জায়গা করে দিতে কিছুটা দেরি করায় রমিজ উদ্দিন অটোরিকশা ভাঙচুর ও চালকদের মারধর করেন। এ ঘটনায় জেলা ছাত্রলীগ তাঁকে সাময়িক বহিষ্কার করে ও কারণ দর্শানোর নোটিশ দেয়। ১০ জুন ছাত্রলীগের ওই নেতা এক দোকানিকে দুই দফা মারধর করে গুরুতর আহত করেন। ১৮ জুন তিনি এক পত্রিকার সিঙ্গাইর সংবাদদাতা মোবারক হোসেনকে হত্যার হুমকি দেন। এসব ঘটনায় গত বৃহস্পতিবার ছাত্রলীগের এক জরুরি সভায় রমিজকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।