ছাত্রলীগের সেই নেতাদের খুঁজে পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছাত্রলীগের বহিষ্কৃত সেই দুই নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পদ থেকে সদ্য বহিষ্কৃত সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান। ঘটনার চার দিন পর গত সোমবার রাতে ওই দুজনসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এই মামলা করা হয়। মামলার বাদী হয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলিস্তানের হকারদের ওপর হামলা, মারধর ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আসামিদের ধরতে অভিযান চলছে বলে গতকাল রাতে প্রথম আলোকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
গত ২৭ অক্টোবর গুলিস্তান এলাকায় সড়ক ও ফুটপাত থেকে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।