ছাত্রলীগের সেই নেতার কাণ্ড
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর হামলাকারী বিলুপ্ত জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদ মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তব্য দিয়েছেন। হামলার প্রায় দেড় মাস পর গতকাল বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে দেখা গেছে তাঁকে।
গত ১৫ সেপ্টেম্বর সিলেটে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে ছাত্রলীগের সভাপতি হিরনের নেতৃত্বে সমাবেশ মঞ্চে হামলা হয়। এতে মঞ্চে থাকা সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ২৫ জন আহত হন। ওই রাতেই জেলা ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষণা ও পরে হিরন মাহমুদকে প্রধান আসামি করে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, জেলা ও নগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গতকাল বেলা তিনটায় নগরের রেজিস্টারি মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে আম্বরখানা মোড়ে সমাবেশ শুরু হয়। হিরন বক্তৃতা দিতে সড়কদ্বীপে ওঠামাত্র আশপাশ থেকে প্রতিবাদ ওঠে। তিনি মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেও পারেননি। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকার মাইক্রোফোন নিয়ে হিরনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। হিরন এক বাক্যে ‘শেখ হাসিনার নেতৃত্বে মাঠে আছি, থাকব...ষড়যন্ত্র রুখব’ বলে বক্তৃতা শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
যোগাযোগ করলে রণজিৎ সরকার প্রশ্ন তুলে বলেন, ‘হিরন তো বহিষ্কৃত কেউ নন। বক্তৃতা দিলে দোষের কী?’
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব বলেন, ওই মামলায় উচ্চ আদালত থেকে হিরন ২৮ দিনের জামিনে রয়েছেন। তাই পুলিশ কিছু করতে পারেনি।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘হামলার মূল নায়ক জামিনে রয়েছেন। এতে আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগের নেতারাই যে হামলাকারীদের আশ্রয়দাতা, এ বিষয়টি প্রকাশ পেল।’