ছাত্রলীগের সেই নেতার ব্যাংক ড্রাফট জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির বিশেষ অনুকম্পায় ফাঁসির দণ্ড থেকে অব্যাহতি পাওয়া ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে ব্যাংক ড্রাফট জালিয়াতি করে হাট ইজারা ও দরপত্র জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি নাটোর সদর উপজেলা প্রশাসনের তদন্তে এ তথ্য পাওয়া গেছে। জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে উপজেলার তিনটি হাটের ইজারা বাতিল ও আটজন ঠিকাদারের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ছাত্রলীগের সাবেক ওই নেতার নাম এস এম আলী ফখর উদ্দিন। তিনি নাটোরের নলডাঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। গত জোট সরকারের সময় বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির হোসেন গামা খুন হন। এ খুনের ঘটনায় মামলা হওয়ায় আদালত ফখর উদ্দিনকে মৃত্যুদণ্ড দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি তাঁর দণ্ড মওকুফ করেন।নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাক আহমেদ বলেন, তদন্তে ফখর উদ্দিনের বিরুদ্ধে আনা ব্যাংক ড্রাফট জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।নাটোর সদর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সর্বোচ্চ দরদাতা হিসেবে উপজেলার পীরগাছা ও মাধনগর হাট ফখর উদ্দিন এবং বিপ্রবেলঘরিয়া হাট মোহাম্মদ লিটন ইজারা পান। তাঁরা হাট ইজারার পাওনা ১৫ লাখ চার হাজার ৫৭৫ টাকার জাল ব্যাংক ড্রাফট প্রাইম ব্যাংকের রাজশাহী শাখায় জমা দেন। ইজারা পাওয়ার পর ২ বৈশাখ থেকে তাঁরা ওই হাটগুলো থেকে টোল আদায় শুরু করেন। ওই ব্যাংক ড্রাফট উপজেলা প্রশাসন সোনালী ব্যাংকের নাটোরের ফুলবাগান শাখায় জমা দিলে ব্যাংকের ব্যবস্থাপক তা জাল বলে সদর উপজেলা পরিষদে ফেরত পাঠান। পরে রাজশাহী প্রাইম ব্যাংকের ব্যবস্থাপকও ওই ড্রাফট তাঁরা সরবরাহ করেননি বলে জানিয়ে দেন।এ ঘটনায় সদরের ইউএনও মোস্তাক আহমেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায়। পরে ওই তদন্তের আলোকে উপজেলা প্রশাসন তিনটি হাটের ইজারা বাতিল করে দেয়। উপজেলা পরিষদ এ বিষয়ে ইজারাদারদের ২৭ মে নোটিশ দেয়। উপজেলা পরিষদ ইতিমধ্যে ইজারাদারদের কাছ থেকে ওই হাটগুলোর দখল বুঝে নিয়েছে। সদর উপজেলার নলডাঙ্গা পৌরসভায় ২০১১-১২ অর্থবছরে পৌরসভার কয়েকটি কাজের ১২১টি দরপত্রে জাল ব্যাংক ড্রাফট জমা পড়ে। পৌরসভার নিজস্ব তদন্তে দেখা গেছে, এখানেও প্রাইম ব্যাংক রাজশাহী শাখার নামে ১২১টি ভুয়া ড্রাফট জমা দেওয়া হয়েছে। এসব ড্রাফট তৈরির সঙ্গে ফখর উদ্দিনের সম্পৃক্ততা আছে। জাল ব্যাংক ড্রাফট জমা দেওয়ায় এসব দরপত্রে অংশ নেওয়া আতিক এন্টারপ্রাইজ, মেসার্স জান্নাতুল ফেরদৌস, নলডাঙ্গা এন্টারপ্রাইজ, আজিজুল হক ট্রেডার্স, স্বর্ণা ট্রেডার্স, অনাবিল কনস্ট্রাকশন, রূপক কনস্ট্রাকশন ও মা বিল্ডার্সের লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।বর্তমানে সদরের ইউএনও মোস্তাক আহমেদ এই জালিয়াতি ঘটনারও তদন্ত করছেন। ফখর উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া নলডাঙ্গা পৌরসভার কাজের দরপত্রে জাল ব্যাংক ড্রাফট জমা দেওয়ার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেছেন। তিনি আরও দাবি করেন, তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।