রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের গ্রেপ্তার হওয়া ‘নিরস্ত্র’ নেতা দেলোয়ার হোসেন ওরফে ডিলসকে জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঘটনার দিন হামলায় অংশ নেওয়া ছাত্রলীগের এক অস্ত্রধারী নেতার পাশে তাঁকে নিরস্ত্র অবস্থায় দেখা গিয়েছিল। হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় অস্ত্রধারীদের গ্রেপ্তার না করে গত বুধবার ডিলসকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পরের দিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রথম আলোতে ‘নিরস্ত্র নেতা গ্রেপ্তার’ শিরোনামে একটি খবর ছাপা হয়। এবার তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন মঞ্জুর করা হলো।
আদালতের পরিদর্শক আলমগীর হোসেন জানান, চার মামলায় মতিহার থানার পুলিশের রিমান্ডের আবেদনের ওপর গতকাল (রোববার) দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক শারমিন সুলতানা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা দুটি মামলায় দুদিন করে চার দিন ও পুলিশের করা দুটি মামলায় তিন দিন করে ছয় দিন অর্থাৎ মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫ ফেব্রুয়ারি নগরের ভেড়িপাড়া এলাকা থেকে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি ও মাদার বক্স হল শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে মতিহার থানার পুলিশ আটক করে।
পুলিশ আরও জানায়, পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই ডিলসকে আদালতে সোপর্দ করা হয়। সে সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। মামলাগুলোতে রিমান্ড আবেদনের ওপর নির্ধারিত শুনানির দিন ছিল গতকাল। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়।