ছাত্রলীগের হামলা দুই কেন্দ্রের পরীক্ষা ভন্ডুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের সমাপনী পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের ওপরে হামলা করেছেন শহর ছাত্রলীগের কর্মীরা৷ গতকাল বৃহস্পতিবার শহরের সাতমাথায় সরকারি বাণিজ্যিক মহাবিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।
ওই কেন্দ্রে বাণিজ্যিক কলেজ এবং জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেিমর (নেকটার) পরীক্ষা চলছিল৷
দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, নিয়ম অনুযায়ী নেকটারের ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা সরকারি বাণিজ্যিক কলেজ কেন্দ্রে এবং বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীরা নেকটার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। বুধবার নেকটারের শিক্ষার্থীরা বাণিজ্যিক কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে সেখানকার এক কর্মচারী নেকটারের এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীরা বিষয়টি জানার পর ওই কর্মচারীকে মারধর করেন৷ ওই ঘটনার জের ধরে গতকাল নেকটারের শিক্ষার্থীরা বাণিজ্যিক কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে শহর ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপরে হামলা চালান৷ এতে তাঁরা পরীক্ষায় অংশ না নিয়ে প্রতিষ্ঠানে ফিরে গিয়ে বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করেন৷ সে সময় পুলিশ ও তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষকদের বাধায় তাঁরা নেকটার চত্বর থেকে বেরিয়ে যান৷ ওই ঘটনার পর নেকটারেও পরীক্ষা গ্রহণ বন্ধ হয়ে যায়৷