ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের শেষ দিনে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের কর্মীদের মারধর করেছেন। এতে পাঁচজন আহত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন একজন নারী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং একজন শিক্ষক। আজ রোববার ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।
গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে (নবাব নওয়াব আলী সিনেট ভবন, শারীরিক শিক্ষাকেন্দ্র ও টিএসসি) ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সংগঠন দুটির সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও ক্যাম্পাসে আসেন। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা নিজ নিজ দলীয় স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় ছাত্রদলের কয়েকজন কর্মী আহত হন। এ সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নারী কর্মীও লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠেছে।
দুপুর ১২টার দিকে সিনেট ভবন কেন্দ্রে ভোট দিতে গিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মহড়া দেওয়ার চেষ্টা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আকরামুল হক। এ সময় ছাত্রলীগের কর্মীরা আকরামকে মারতে উদ্যত হলে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাতে বাধা দেন। এ সময় ছাত্রলীগের কর্মীদের মারধরে ছাত্রদলের ধানমন্ডি থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজিদুল হক জিয়নসহ অন্তত তিনজন আহত হন। আর ছাত্রলীগের কর্মীদের নিবৃত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পি জে হাটর্গ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ ও বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত লুৎফর রহমান ছাত্রলীগের কর্মীদের হাতে লাঞ্ছিত হন।
বেলা সাড়ে তিনটার দিকে টিএসসির মূল ফটকে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থক ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের জেবা শারমিন আহত হন।
বিকেল সাড়ে চারটায় ছাত্রলীগের সূর্য সেন হল শাখার নেতা-কর্মীরা সিনেট ভবনের সামনে জাতীয়তাবাদী প্যানেলের তাঁবুতে ঢুকে লাঠিসোঁটা দিয়ে মুহসীন হল ছাত্রদলের কর্মী মহিবুল্লাকে মারধর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আমজাদ আলী বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ছিল।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা কারও ওপর হামলা করেননি। তবে নিজেদের মধ্যে কোন্দলের জের ধরে ছাত্রদলের কয়েকজন আহত হওয়ার কথা তিনি শুনেছেন।
এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ বলেন, গণতন্ত্রের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলমত-নির্বিশেষে সবাই তার মতামত প্রকাশ করবে। কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা কোনো কিছুর তোয়াক্কা না করে শিক্ষকদের সামনে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন।
বিকেল পাঁচটায় কেন্দ্র তিনটিতে ভোট গ্রহণ শেষ হয়। এরপর রাত আটটার দিকে জাতীয়তাবাদী পরিষদের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের প্রার্থী অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার অভিযোগ করেন, ছাত্রলীগের হামলায় জেবা শারমিনসহ আরও তিনজন আহত হয়েছেন এবং কয়েকজন নারী কর্মী লাঞ্ছিত হয়েছেন; যা ন্যক্কারজনক। তিনি এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তবে চীফ প্রিজাইডিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় নারী কর্মীসহ সাতজন আহত হয়েছেন। তিনি বলেন, ছাত্রলীগের হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, এ সরকারের অধীনে যেকোনো নির্বাচনের পরিণতি কী হতে পারে।
এর আগে ঢাকার বাইরের বিভিন্ন কেন্দ্রে ১৪ ও ২১ সেপ্টেম্বর দুই দফায় ভোট গ্রহণ করা হয়।