ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগের একাংশের হামলায় ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।

ছাত্রদলের আহত কর্মীর নাম ইমাম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে একা পেয়ে ছাত্রলীগের একদল কর্মী ইমামকে বেদম মারধর করেন। এতে তিনি মাথা, হাতে ও পায়ে আঘাত পান। গুরুতর আহতাবস্থায় ইমামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি নেছারুল ইসলামের অনুসারী।

নেছারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিনা উসকানিতে ছাত্রলীগের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এর বিচার না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদল অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। দোষী ছাত্রদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গত শুক্রবার রাতে নেছারুল ইসলামের নেতৃত্বে তাঁর অনুসারীরা হরতালের সমর্থনে ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।